সন্ধান২৪.কম : কিশোরী মাদরাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ১ জানুয়ারি রাত দুইটার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর পিতা শুক্রবার রাতে অভিযুক্ত রফিকুল ইসলাম রবিনের (২৫) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মহজমপুর এলাকার সোহরাব মিয়ার ছেলে। সে ঢাকার ডেমরা ধানাধীন শুকুরশী কেন্দ্রীয় শাহী মসজিদের মুয়াজ্জিন বলে মামলায় উল্লেখ রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, কিশোরীর বাড়ি ডেমরায়। তবে সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনীর একটি আবাসিক মাদরাসায় পড়াশোনা করে। আসামি ডেমরা এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত থাকায় তাদের পূর্ব পরিচয় ছিল। পরিচিতির সুবাদে রফিকুল ইসলাম প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ ভুক্তভোগীর পিতার।
তিনি মামলায় বলেন, প্রস্তাবে তার মেয়ে রাজি না হওয়ায় গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় মাদরাসা যাওয়ার পথে তাকে সিদ্ধিরগঞ্জের নাভানা সিটি এলাকায় এমএম টাওয়ারের পশ্চিম পাশের পরিত্যক্ত ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করে রফিকুল ইসলাম। পরদিন ৩১ ডিসেম্বর বিষয়টি ওই কিশোরী তার মাদরাসার শিক্ষিকাকে জানায়। শিক্ষিকার মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারে এবং থানায় মামলা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আদলতে পাঠানো হয়েছে। ভুক্তভুগী কিশোরীর আনুসাঙ্গিত মেডিকেল টেস্ট করানোর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


