সন্ধান ২৪.কম:করোনা মহামারি বাধা হয়ে না দাঁড়ালে এতদিনে তারা ‘যুগল’ থেকে ‘দম্পতি’ হয়ে যেতেন! আর দেরি না করে বিয়ে সেরে নিতে চাইছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। গুঞ্জন শোনা গিয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন। সেই তারিখ পিছিয়ে এ বছরের এপ্রিলে চলে এসেছে।
রণবীর-আলিয়াকে ছাদনতলায় একসঙ্গে দেখার শখ তো অনেকেরই। তবে একই সঙ্গে ভাঙতে চলেছে কত মানুষের মন। মনে মনে কেউ ভালোবাসে রণবীরকে, কেউ আবার আলিয়াকে। রাজস্থানের রণথম্বোরে বিয়ে করবেন ‘রণলিয়া’। এই জন্যই কি দুই বছরে দুবার তারা একই সঙ্গে রণথম্বোর সফরে গিয়েছিলেন? ভাট এবং কাপুর পরিবার ইতোমধ্যেই নাকি বিয়ের আয়োজন শুরু করে দিয়েছে।
শোনা গিয়েছিল, মুম্বাই শহরেই নাকি বিয়ে হবে। অনুষ্ঠান হবে ছোট্ট পরিসরে। কেবল কাছের বন্ধু-বান্ধব আর পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন সেখানে। কিন্তু এখন কানে আসছে অন্য খবর।
এদিকে চলতি বছরের গ্রীষ্মেই আসছে আলিয়ার প্রযোজনায় প্রথম হিন্দি ছবি ‘ডার্লিংস’। মুক্তি পাচ্ছে ওটিটিতে। ছবির সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। জসমিত কে রিন পরিচালিত এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ও করেছেন আলিয়া ভাট। এ ছাড়াও নেট দুনিয়ায় সম্প্রতি মুক্তি পেয়েছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-এর ট্রেলার। এতে অভিনয়ের ঝলক দেখিয়ে দর্শকের মনোযোগ কেড়ে নিয়েছেন আলিয়া ভাট। মুক্তির আগেই সিনেমাটি যাচ্ছে ৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।


