সন্ধান২৪.কম : ভারতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে এক থেকে তিন মাসের মধ্যের ১০ নবজাতকের মৃত্যু হয়েছে ।
মুম্বাই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় অবস্থিত ওই চার তলা হাসপাতালে স্থানীয় সময় দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে বলে শনিবার ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালটির স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) ১৭ শিশু ভর্তি ছিল। দমকলকর্মীরা ৭ শিশুকে উদ্ধার করতে পারলেও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাকি ১০ শিশু মারা যায়। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এক নার্স প্রথম হাসপাতালের নবজাতক ইউনিটে ধোঁয়া দেখতে পান, পরে তিনিই অন্যদের খবর দেন।

“রাত ২টায় ভান্ডারা ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতালের এসএনসিইউতে অগ্নিকাণ্ডে ১০ শিশুর মৃত্যু হয়েছে। ওই ইউনিট থেকে ৭ শিশুকে উদ্ধার করা হয়েছে,” বলেছেন সিভিল সার্জন প্রমোদ খানদাতে।
এ ঘটনাকে ‘হৃদয় বিদারক’ বলেও অভিহিত করে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে।


