সন্ধান২৪.কম : রাহুল গাঁধী আবার দলের হাল ধরবেন এমনটি ভেবেই সনিয়া গাঁধী কংগ্রেসের সংগঠন ঢেলে সাজালেন। দলকে চাঙ্গা করতে নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটি তৈরি করলেন। নতুন এআইসিসি-র সাধারণ সম্পাদক নিয়োগ করলেন বিভিন্ন রাজ্যের দায়িত্বে। আগামী দিনে সাংগঠনিক নির্বাচন ও সদস্য সংগ্রহ অভিযানের ইঙ্গিত দিয়ে মধুসূদন মিস্ত্রির নেতৃত্বে দলের নতুন কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষও গঠন করেছেন সনিয়া।
‘টিম রাহুল’-কে প্রাধান্য দেওয়ার বার্তা দিয়ে ওই ছয় সদস্যের কমিটিতে আহমেদ পটেল, এ কে অ্যান্টনি, অম্বিকা সোনির মতো সনিয়ার পুরনো আস্থাভাজনদের সঙ্গে জায়গা দেওয়া হল । কে সি বেণুগোপাল ও রণদীপ সিংহ সুরজেওয়ালা। নতুন সভাপতি নির্বাচন পর্যন্ত এই কমিটি সনিয়াকে সাহায্য করবে।
কংগ্রেস সংগঠনের দুরবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে ২৩ জন ‘বিক্ষুব্ধ’ নেতা সনিয়াকে চিঠি লিখেছিলেন। সেই চিঠি সংবাদমাধ্যমেও ফাঁস হয়। বিক্ষুব্ধদের বার্তা দিয়ে ২৩ জনের অন্যতম গুলাম নবি আজাদকে এআইসিসি-র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজাদ হরিয়ানার দায়িত্বে ছিলেন। তাঁকে অবশ্য ওয়ার্কিং কমিটি থেকে বাদ দেওয়া হয়নি।


