সন্ধান২৪.কমঃ ৪৪ জন বাংলাদেশি নাগরিককে ইউরোপে অবৈধভাবে প্রবেশ করায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মাল্টা থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
দীর্ঘ দুই বছর ডিটেনশন সেন্টারে থাকার পর অমানবিকভাবে আচরণ এবং জেনেভা কনভেনশন না মেনে দেশে ৪৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালটা। ফেরত প্রবাসীদের ক্ষেত্রে কোন ধরনের আপিল ও রি-আপিলের সুযোগও দেওয়া হয়নি। এ ঘটনায় মালটা বাংলাদেশ কমিউনিটিতে উদ্বেগ তৈরি করেছে।
মাল্টায় ১২ জুন রাতে বিশেষ চাটার্ড ফ্লাইটে করে তাদের ফেরত পাঠানো হয়। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানোর কথা জানিয়েছে মাল্টা কর্তৃপক্ষ।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই ৪৪ জন বাংলাদেশি বিভিন্ন সময়ে অবৈধ উপায়ে সমুদ্রপথে মাল্টায় প্রবেশ করেছেন। এর আগে লিবিয়া হয়ে মানবপাচারকারীদের সহযোগিতায় তারা সমুদ্রপথে মাল্টায় পাড়ি জমান।
দেশে ফেরত যাওয়া একজন জানান, তাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করা হয়েছে। গভীর রাতে তাদের ঘুম থেকে জাগ্রত করে হ্যান্ডকাপ পরিয়ে চার্টার্ড ফ্লাইটে তুলে নিয়ে যাওয়া হয় বাংলাদেশে। অনেকের দাবি, তাদের জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে।
মাল্টায় বাংলাদেশের স্থায়ী দূতাবাস নেই, তবে বাংলাদেশ দূতাবাস এথেন্স, গ্রিস ও মাল্টায় বাংলাদেশিদের কনস্যুলার সেবা এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক বিভিন্ন বিষয় দেখে থাকেন। ৪৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর ব্যাপারে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে জানানো হয়, ২০১৭ সালের ইউরোপীয় ইউনিয়ন আর বাংলাদেশ সরকারের মাঝে হওয়া চুক্তি অনুযায়ী সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে ৪৪ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে।


