সন্ধান২৪.কম ডেস্ক: ন’বছর আগে, ২০১২ সালে নোবেলজয়ী পাক সমাজকর্মী মালালা ইউসুফজাইকে গুলি করেছিল এক সন্ত্রাসবাদী। সেই ঘটনায় শিউরে উঠেছিল গোটা বিশ্ব। তখন মালালা ছিলেন স্কুলছাত্রী। আজ তিনি নোবেলজয়ী প্রভাবশালী। কিন্তু এত বছরেও আততায়ীর মানসিকতায় কোনও বদল হয়নি। আবারও মালালাকে টুইট করে খুনের হুমকি দিয়েছে সে। সেই হুমকির জবাবে মুখ খুললেন মালালাও। কাঠগড়ায় তুললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে।

সরাসরি টুইটারে হুমকি দিয়ে ‘তহরিক-ই-তালিবান পাকিস্তান’-এর প্রাক্তন মুখপাত্র এহসান জানিয়েছে, ”পরের বার আর কোনও ভুল হবে না।” অর্থাৎ আবারও মালালাকে গুলি করার সুযোগ পেলে সে লক্ষ্যভেদ করবে। এহেন ভয়ংকর হুমকির পরে তার অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
ওই টুইটটি শেয়ার করেই মালালা কার্যত কাঠগড়ায় তুললেন পাক প্রধানমন্ত্রী ও পাক সেনাকে। ঠিক কী লিখেছেন মালালা? টুইটারে তাঁকে লিখতে দেখা যায়, ”তহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রাক্তন মুখপাত্র আমার ও আরও অনেক নিরীহ মানুষের উপরে হামলার দায় স্বীকার করেছে। এবার সে সোশ্যাল মিডিয়ায় হুমকিও দিতে শুরু করেছে। ও কী করে পালাল?” এরপরই তিনি ট্যাগ করে দেন পাক সেনা ও ইমরান খানকে।


