সন্ধান২৪.কমঃ অন্তত পাঁচ মাসের জন্য ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে ওঠে কভিড-১৯-এ আক্রান্ত হলে তার দেহে। তবে দেহে অ্যান্টিবডি তৈরি হওয়ার পরও ওই ব্যক্তি ভাইরাস বহন করতে এবং তা ছড়াতে পারে। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো এক গবেষণায়। গত বছর জুন থেকে নভেম্বরের মধ্যে যুক্তরাজ্যজুড়ে স্বাস্থ্য সেবাকর্মীদের ওপর এ গবেষণা চালানো হয়।

গবেষণার ফলাফলে দেখা গেছে, কভিড আক্রান্ত হয়ে যাদের দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে তাদের আবার আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। দেখা গেছে, আগেই সংক্রমণের শিকার হওয়া ৬,৬১৪ জনের মধ্যে মাত্র ৪৪ জন ফের কভিড-১৯ ‘পজিটিভ’ হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই গবেষণার ফলে যা দেখা গেল তার মানে হচ্ছে, যারা ২০২০ সালের শুরুর দিকে মহামারির প্রথম ঢেউয়ের সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল, এখন তাদের ফের আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। তারা এ বিষয়েও সতর্ক করেছেন যে একবার যাদের সংক্রমণ হয়ে ন্যাচারাল ইমিউনিটি গড়ে উঠেছে, তারা হয়তো নাক ও গলায় বহন করছে করোনাভাইরাসের নতুন ধরন, যা তারা নিজের অজান্তেই ছড়িয়ে দিতে পারে অন্যদের মধ্যে।
পিএইচইর গবেষক সুজান হপকিনস বলেন, ‘আমরা সবাই এখন জেনে গেছি যে ভাইরাস সংক্রমণ হলে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তবে ঠিক কত দিনের জন্য এই অ্যান্টিবডি আবার ভাইরাসের সংক্রমণ রুখতে পারবে তা আমরা এখনো জানি না।’ তিনি আরো বলেন, ‘একবার করোনাভাইরাস সংক্রমণ হলে বেশ কিছুদিনের জন্য এ বিষয়ে কিছুটা নিশ্চিন্ত থাকা যেতে পারে যে ফের মারাত্মক সংক্রমণ হবে না। তার পরও আবার ভাইরাস সংক্রমণ হওয়া এবং তা ছড়িয়ে দেওয়ার ঝুঁকি থেকেই যায়।’ রয়টার্স।


