গাইবান্ধা প্রতিনিধি ঃ
গত বৃহস্পতিবার বেলা ১২টায় গাইবান্ধা শহরের আসাদুজ্জামান স্কুল মার্কেটের সামনে সরাসরি কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত রেটে ধান ক্রয়, সকল কৃষি ফসলের লাভজনক দাম নিশ্চিত, ২০,০০০/-টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ,করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার-বীজ প্রদানসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি, গাইবান্ধা জেলা কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, কৃষক নেতা ওয়াজিউর রহমান রাফেল, সদর উপজেলা কৃষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল, সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার প্রমুখ। বক্তারা বলেন করোনা দুর্যোগে কৃষকরা অনেক কষ্টে আছে। তাদের উৎপাদিত ফসল ঠিকমত বাজারজাত করতে পারছে না। এমতাবস্থায় কৃষকদের উপযুক্ত প্রণোদনা প্রদান না করলে তারা মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তারা বলেন, বারবার দাবি করা সত্বেও সরকার কৃষদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করছেনা। বরং জেলা খাদ্য অফিস সিন্ডিকেট চক্রের হাতে জিম্মি হয়ে আছে। সেই সাথে তারা ২০,০০০/-টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ও করোনা মহামারি শেষ না হওয়া পর্যন্ত এনজিও ঋণসহ সকল ঋণের কিস্তি আদায় বন্ধ রাখারও দাবি জানান।


