সন্ধান২৪.কমঃ সাত সকালেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা। নারদ মামলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে আটক করা হল সিবিআইয়ের তরফে। আপাতত তাঁকে সিবিআইয়ের নিজাম প্যালেসের দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার সকালে কলকাতার প্রাক্তন মেয়র, তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল ন’টা নাগাদ তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। এই সংবাদ লেখা পর্যন্ত ফিরহাদকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় ফিরহাদের বাড়ির চেতলার অবরোধ করে রেখেছে তৃণমূল কর্মীরা। তারা রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ করতে থাকেন।
বাড়ি থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমে ফিরহাদ বলেন, ‘‘আমাকে গ্রেফতার করা হল নারদ মামলা। সিবিআই কোন নোটিশ ছাড়াই গ্রেফতার করল।’’ সোমবার সকালেই তৃণমূলের সাবেক মন্ত্রী মদন মিত্র, সুব্রত মুখোপ্যাধায় এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর।

নারদ মামলায় নয়া মোড়। কিছুদিন আগেই নারদ মামলায় চার্জশিট গঠনের অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই মামলার সূত্রেই সিবিআই আধিকারিকদের হানা বলে অনুমান। যদিও সিবিআই-এর তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
ফিরহাদকে বাড়ির বাইরে আনা হতেই তাঁর সমর্থকরা স্লোগান দিতে থাকেন। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসাও হয়। পরে ফিরহাদ তাঁদের শান্ত করেন।
যদিও সিবিআই সূত্রে দাবি, গ্রেফতার করা হয়নি ফিরহাদকে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর সঙ্গে আরও ৪ জনকেও আনা হয়েছে। ফিরহাদ, শোভন, মদনের সঙ্গে নিজাম প্যালেসে আনা হয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও।


