বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই মুহূর্তে মোট ন’টি নদ-নদী পর্যবেক্ষণ কেন্দ্রে জলস্তর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ১০১টি পর্যবেক্ষণ স্টেশনের ৭৮টি পয়েন্টে জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগামী ৭২ ঘণ্টা জলস্তর আরও বৃদ্ধি পেতে পারে বলে প্রশাসনের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে। যার জেরে আগামী ২৪ ঘণ্টায় অন্তত পাঁচটি জেলায় পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা। এই পাঁচ জেলা হল কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিলেট ও সুনামগঞ্জ।
সরকারি সূত্রে খবর, বর্তমানে ধরলা, তিস্তা, বহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা, যাদুকাটা নদীর জলস্তর বেশ কয়েক’টি এলাকায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যমুনা নদীর জলস্তর উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর মধ্যে রবিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।