সন্ধান২৪.কম : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল রাজধানী। গতকাল সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করে মিছিল করেছে। বিক্ষোভ মিছিলের পাশাপাশি সমাবেশও করেছে দু-একটি সংগঠন। এসব কর্মসূচি থেকে ভাস্কর্যবিরোধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
শনিবার (৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিক্ষোভ মিছিল করে এসব সংগঠন।
ছাত্রলীগের পক্ষ থেকে ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মিছিল ও এর পাশাপাশি সমাবেশ করা হয়। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একই ইস্যুতে প্রতিবাদ মিছিল করেন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষকলীগ। আগামীকাল রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে এসব সংগঠন।


