সন্ধান২৪.কম : গত তিন মাসে দেশের ৬৮টি কারাগার থেকে জামিনে মুক্তি মিলেছে প্রায় ৭০ হাজার বন্দির। আবার এই তিন মাসে নতুন করে ৫০ হাজারের বেশি ব্যক্তিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। সব মিলিয়ে কারাবন্দির সংখ্যা কমেছে ২০ হাজারের বেশি। করোনা সংক্রমণের এই সময়ে ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালুর সুবাদে কারাগারে বন্দির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে ।
করোনা সংক্রমণে সৃষ্ট স্থবির পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত চালুর পর সারা দেশের আদালত থেকে অনেক কারাবন্দির জামিন আদেশ হয়েছে। এরপর এসব বন্দি কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে গেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারা দেশে ১৩টি কেন্দ্রীয় কারাগার ও ৫৫টি জেলা কারাগারে ধারণক্ষমতা ৪১ হাজার ৩১৪ জন। জানুয়ারিতে এই সংখ্যা ছিল ৮৫ হাজারের কাছাকাছি। আর মে মাসের প্রথম সপ্তাহে সংখ্যাটি ৯৩ হাজার ছাড়িয়ে যায়। গত ২৭ জুন বন্দির সংখ্যা ছিল ৭১ হাজার ৯২৮, ২৫ জুলাই তা বেড়ে দাঁড়ায় ৭৬ হাজার ৬১৮ জনে। সর্বশেষ গত ৪ আগস্ট বন্দির সংখ্যা ছিল ৭৩ হাজার ৮৪৮।


