সন্ধান২৪.কম : বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী । বরিশালের উজিরপুরে জল্লা ইউনিয়নের কারফা গ্রামে রবি রায়ের ছেলে পলাশ রায়ের (২৩) বাড়িতে আগৈলঝাড়া উপজেলার পূর্ব কাঠিরা গ্রামের প্রফুল্ল রায়ের মেয়ে মুক্তি রায় (২০) বিয়ের দাবিতে এ অনশন চালিয়ে যাচ্ছেন ।
সূত্র জানা যায়, পলাশ রায় মোবাইল ফোনে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন স্থানে নিয়ে ঘুরে বেড়ায়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বিভিন্ন সময় ওই ছাত্রী তাদের বিয়ের কথা বললে নানা তালবাহানা শুরু করে পলাশ রায়। ফলে সে নিরুপায় হয়ে গত ৫ আগস্ট বুধবার থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে আছে।
এদিকে এলাকাবাসী বিয়েতে মত দিলেও পলাশের পরিবার বিয়েতে রাজী হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার তাদের কোর্ট ম্যারেজ হয়েছে বলে পলাশ রায় বিষয়টি এড়িয়ে যায়। তবে সংবাদকর্মীদের ম্যারেজের কোনো কাগজপত্র দেখাতে পারেনি সে। এ প্রসঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান বেবী রানী জানান, বিষয়টি তার জানা নেই।


