সন্ধাান২৪.কম : আর বাকি আছে মাত্র একটি স্প্যান। এই স্প্যানটি বসালে দৃশ্যমান হবে পুরো সেতু। গত প্রায় তিন বছরে একে একে ৪০টি স্প্যান বসেছে স্বপ্নের পদ্মা সেতুতে। আজ বুধবারই স্প্যানটি বসানোর কাজ শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সেতুর ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর বসবে ৪১তম স্প্যান (২-এফ)
মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের ধূসর রঙের স্প্যানটি ক্রেন তিয়ান-ই-তে করে কাঙ্ক্ষিত পিয়ারের উদ্দেশে বুধবারই রওনা দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
নির্বাহী প্রকৌশলী বলেন, ‘নানামুখী চ্যালেঞ্জ পেরিয়ে সবগুলো স্প্যান বসানো শেষ হতে যাচ্ছে। এ উপলক্ষে বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে, চীনা ঠিকাদার কোম্পানি নিজেদের নিয়মে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারে।’
এর আগে গত ৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের মাওয়া অংশে মাঝ নদীতে সেতুর ১১ ও ১২ নং পিয়ারে বসানো হয় ৪০তম স্প্যানটি।
স্প্যান বসানো ছাড়া অন্যান্য কাজও এগিয়ে চলেছে। এরমধ্যে সেতুতে ১৮ শতাধিক রেলওয়ে ও ১২ শতাধিক রোড ওয়েস্ল্যাব বসানো হয়েছে।
মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর আগামী ২০২২ সালে যান চলাচলের জন্য খুলে দেয়ার কথা রয়েছে স্বপ্নের পদ্মা সেতু।


