সন্ধান২৪.কম : রিয়াল মাদ্রিদ শনিবার দাপটের সাথে খেলে মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোকে ২-০ গোলে পরাজিত করে স্পেনিশ লা লিগার শিরোপার লড়াই বেশ জমিয়ে তুলেছে। নিজেদের মাঠে অ্যাটলেটিকোকে পরাজিত করায় পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠেছে রিয়াল। ১২ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট সংগ্রহ করেছে জিনেদিন জিদানের দল। পরাজিত হওয়া সত্ত্বেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। লিগে ধারাবাহিকভাবে ভাল খেলায় অ্যাটলেটিকো ছিল ফেবারিট এবং মাদ্রিদ ডার্বিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে তাদের অবস্থান আরও মজবুত করার যে সুযোগ ছিল সেটি তারা কাজে লাগাতে পারেনি।
নিজেদের আলফ্রেডো ডি স্টেফানো মাঠে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে লিড নেয় ক্যাসেমিরোর গোলে। দ্বিতীয়ার্ধে দানি কারভাহলের বুলেট গতির শট থেকে দুর্ভাগ্যক্রম গোলরক্ষক ইয়ান ওব্ল্যাকের আত্মঘাতি গোল হলে ব্যবধান হয় ২-০ এবং শেষ পর্যন্ত এ ব্যবধানই বহাল থাকে। রিয়াল মাদ্রিদ সত্যিকার অর্থেই এম্যাচে দারুন খেলেছে। চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে চমৎকার খেলার পর লিগেও তারা দারুন খেললো। অপর দিকে অ্যাটলেটিকো তাদের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হলো।


