সন্ধান২৪.কম ঃ দিনাজপুর, গাইবান্ধা, এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় শিল্প ও সেচ মিটার চুরি এবং মিটারের স্থানে চুরি করা মোবাইলের একটি নম্বর লেখা চিরকুট রেখে আস। আর মিটারের মালিক চিরকুটে লেখা নম্বরে কল দিলেই পাঁচ হাজার থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের অর্থ দাবি করা হতো। দাবি অনুযায়ী তার দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দিলেই বলে দেওয়া হতো চুরি হওয়া মিটার কোথায় আছে।
দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ এমন এক মিটার চোর চক্রের মূল হোতাকে আটক করেছে । গত বুধবার দুপুরে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শহরগাছী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে সিমকার্ডসহ চুরি করা দুটি মোবাইল উদ্ধার করে পুলিশ।
আটককৃত চোর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুর গ্রামের রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে ইমতিয়াজ মন্ডল স্বাধীন (৩০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘোড়াঘাট থানার উপপরিদর্শক বলেন, আটকের পর সে মিটার চুরির কথা স্বীকার করে। সর্বশেষ গত ২৫ তারিখ দিবাগত রাতে সে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকার রাধাবাড়ী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মন্ডলের সেচ পাম্পের একটি মিটার চুরি করেছে।
পরে আটক স্বাধীনের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে পাঁচবিবি থানা এলাকার রাধাবাড়ী গ্রামের রাস্তা সংলগ্ন একটি খড়ের পালা থেকে চুরি হওয়া একটি মিটার উদ্ধার করে পুলিশ।


