অবসান হলো বিসিএসের কোটা যুগ

সন্ধান২৪.কম :  সর্বশেষ গত মঙ্গলবার ফলাফল প্রকাশিত ৩৮তম বিসিএসে কোটা পদ্ধতি অনুসরণের মধ্যদিয়ে কোটা যুগের অবসান করলো  বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)। 

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৪৮ বছর ধরে চলা কোটা পদ্ধতি স্থায়ীভাবে বিলুপ্ত হলো। এর মাধ্যমে কোটা অধ্যায়ের সমাপ্তির মাধ্যমে মেধার যুগে প্রবেশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কোটা বহালের কারণে বিগত ২৮ থেকে সর্বশেষ ৩৮তম বিসিএসে ৬ হাজার ক্যাডার পদ শূন্য পড়ে ছিল। আগামী ৪০তম বিসিএস থেকে শতভাগ মেধায় নিয়োগ দেবে পিএসসি। ২০১৮ সালে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে কোটা প্রথা বিলুপ্ত করে সরকার।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, ‘৩৮তম বিসিএসের মধ্য দিয়ে কোটা পদ্ধতির অবসান হয়েছে। ৪০তম বিসিএসে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে। বর্তমানে সরকার কোটা বিলুপ্ত করেছে। ফলে কোটা নিয়ে সরকার যেভাবে সিদ্ধান্ত দেবে আমরা সেটা অনুসরণ করব। মোদ্দা কথায়, ৪০তম বিসিএস থেকে কোটা থাকছে না।’ ২০১৮ সালের ৩ অক্টোবর মন্ত্রিসভায় কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন হওয়ার প্রায় এক মাস আগে ১৯০৩টি পদে নিয়োগের জন্য ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। এই বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ২০ হাজার প্রার্থী এখন ফলের অপেক্ষোয় আছে। ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়ার সময় বলা হয়েছিল, ফলাফল দেওয়ার সময় সরকারের সর্বশেষ কোটা নীতি ব্যবহার করা হবে।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, কোটার কারণে বিসিএসে মেধাবীরা উত্তীর্ণ হলেও একদিকে চাকরি পাননি, অন্যদিকে শত শত পদ শূন্য থাকত। পিএসসির প্রতিবেদন অনুযায়ী, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া যাওয়ায় ২৮ থেকে ৩৮তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে অন্তত ৬ হাজার পদ খালি ছিল। এমনকি শুধু কোটার প্রার্থীদের নিয়েগের জন্য ৩২তম বিশেষ বিসিএস নেওয়া হলেও ঐ বিসিএসেও মুক্তিযোদ্ধা কোটার ৮১৭টি, মহিলা ১০টি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৯৮টিসহ মোট ১ হাজার ১২৫টি পদ শূন্য রাখতে হয়। কোটায় পদ পূরণ না হলেও তা সংরক্ষণ করে রাখার নিয়ম ছিল। তবে ৩২তম বিসিএসে উল্লেখযোগ্যসংখ্যক পদ খালি থাকায় কোটার শূন্য পদ সংরক্ষণ করে রাখা নিয়ে পিএসসিতে প্রশ্ন ওঠে। এরপর যোগ্যতা সাপেক্ষে পিএসসি ৩৩তম বিসিএস থেকে কোটা কিছুটা শিথিল করে। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় ৩৩তম বিসিএসে ৭৭ দশমিক ৪০ শতাংশ, ৩৫তম বিসিএসে ৬৭ দশমিক ৪৯ শতাংশ এবং সর্বশেষ ৩৬তম বিসিএসে ৭০ দশমিক ৩৮ শতাংশ মেধাবী নিয়োগ পান। এই তিন বিসিএস থেকে ৭১ দশমিক ৭৫ শতাংশ মেধাবী নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। শুধু বিসিএস নয়, সরকারের অন্যান্য প্রতিষ্ঠানেও কোটার কারণে পদ শূন্য পড়ে থাকত।

 

 

Exit mobile version