সন্ধান২৪.কম : আজ থেকে শুরু হচ্ছে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্ক বাংলা বইমেলা। আগামী ১৭ জুলাই পর্যন্ত ৪ দিনের এই মেলা উদ্বোধন করবেন কথাসাহিত্যিক শাহাদুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর প্রতীক ক্যাপ্টেন ডা. সিতারা বেগম। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন দুইবাংলার শিল্পী,সাহিত্যিক ও প্রকাশকরা।
বিকেল ৫টায় শুভ উদ্বোধনের মধ্য দিয়ে বইমেলার ৩২তম আসর জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হবে।
এ ছাড়া ৪ দিনের অনুষ্ঠানসূচীতে থাকছে,আনুষ্ঠানিক উদ্বোধন, প্রদীপ প্রজ্জ্বলন,কবিতা পাঠ,নবীন প্রজন্মের শিল্পীদের অনুষ্ঠান,বাঙালির আড্ডা,ছড়া পাঠের আসর,স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র,বই পরিচিতি,বাউল গান,একক সঙ্গীত,আলোচনা,সংগীতালেখ্য,ধামাইল,পুঁথি পাঠ,রবীন্দ্র-নজরুল আলোচনা,মুক্তধারা ভাষণ,কথোপকথন,বাংলা নাটক,মুক্তধারা পুরস্কার প্রদান,নৃত্যসহ নানা আয়োজন।
মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে অধিকাংশ আমন্ত্রিত অতিথি এবং বাংলাদেশের ২৫টি প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী ও কর্মকর্তা নিউইয়র্কে এসেছেন।
মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা বলেন, এবারও বইমেলায় মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য তিন হাজার মার্কিন ডলার। গত বছর এই পুরস্কার পেয়েছেন অধ্যাপক গোলাম মুরশিদ। এ ছাড়া মেলায় অংশ নেওয়া একটি প্রকাশনা সংস্থাকে চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশনা সংস্থা পুরস্কার দেওয়া হবে। এর মূল্যমান ১০০০ ইউএস ডলার।
মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন একুশে পদকপ্রাপ্ত লেখক নূরুন নবী বলেন, এবার বইমেলায় অনেক নতুন বিষয় যোগ করা হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং কানাডা, মেক্সিকো, ইউরোপ ও অস্ট্রেলিয়া থেকে অনেক লেখক নিউ ইয়র্ক এসেছেন। কলকাতার কবি সুবোধ সরকার, লেখক ও কলকাতা বইমেলার সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, নারীবাদী লেখক কনা বসু মিশ্রসহ অনেক গুণী সাহিত্যিকের মূল্যবান কথায় সমৃদ্ধ হবে নিউইয়র্কের পাঠকরা।
থাকবে চলচ্চিত্র প্রদর্শনী,প্রাসঙ্গিক বিষয়ে সেমিনার, গান ও কবিতা পাঠ। মেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা থাকছে, মেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ সংকলন।
শহরের বাঙালি অধ্যুষিত এলাকায় চলছে পোস্টারিং, বসেছে কবি-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীদের আড্ডা। এবারের বইমেলার আহ্বায়ক সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা ও লেখক ড. আবদূন নূর বলেন, সহ¯্রাধিক নতুন বই এসেছে, অনেক বই প্রকাশিত হয়েছে নিউইয়র্ক বাংলা বইমেলাকে সামনে রেখে। এবারের বইমেলায় স্টলের সংখ্যা বাড়ছে। এবার নতুন করে যুক্ত হচ্ছে শিশু চত্বর।
শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বিশ্বখ্যাত বাউল পবন দাসের পরিবেশনা । বাংলাদেশ থেকে এসেছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, অনিমা রায়, তানভীর আলম সজীব। অংশগ্রহণ করবেন নিউ ইয়র্কের বাঙালি শিল্পীরাও।
বইয়ের মাধ্যমে বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এ আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন।
৪ দিন ব্যাপী বই মেলা উপলক্ষে মুক্তধারা ফাউন্ডেশন গত ১৩ জুলাই সন্ধায় সংবাদ সম্মেলন ও মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
মেলার চেয়ারপারসন নূরুন নবী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন হাসান ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা। মঞ্চে আসন গ্রহন করেন নিনি ওয়াহেদ,লুৎফর রহমান রিটন,সউদ চৌধুরী,ফাহিম রেজা নুর,পবন দাস বাউল,মিমলি দাস প্রমূখ।
