আদিবাসী গোষ্ঠীর ডেব হালান্ডকে স্বরাষ্ট্রমন্ত্রী করছেন বাইডেন

সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান ডেব হালান্ডকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনিত করতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন । নিয়োগ পেলে প্রথম আদিবাসী হিসাবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ডেব।

৬০ বছর বয়স্ক ডেব হালান্ড লাগুনা পুয়েবলো আদিবাসী গোষ্ঠীর একজন সদস্য। ২০১৮ সালে তিনি নিউ মেক্সিকো থেকে কংগ্রেসওম্যান হিসেবে নির্বাচিত হন।

নিয়োগ পেলে ডেব যুক্তরাষ্ট্রের ৫০ কোটি একর ভূমি, ৩২টি জাতীয় পার্ক দেখভালের দায়িত্ব পাবেন। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত ৫৭৪টি আদিবাসী গোষ্ঠীর প্রায় ২০ লাখ অধিবাসীর সঙ্গে সরাসরি কাজ করবেন তিনি।

 যুক্তরাষ্ট্রে প্রথম দুই আদিবাসী আমেরিকান নারী কংগ্রেস সদস্যের একজন হিসেবে নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েছিলেন। নিয়োগ নিশ্চিত হলে সরকারি ভূমি বিষয়ক এজেন্সির নেতৃত্ব দেবেন ডেব। আদিবাসী আমেরিকানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখভালে ভূমিকা রাখে এই এজেন্সি।

যুক্তরাষ্ট্রের মন্ত্রিপরিষদে প্রথম আদিবাসী আমেরিকান সদস্যও হতে যাচ্ছেন ডেব হালান্ড। যুক্তরাষ্ট্রের আদিবাসীদের অধিকার রক্ষায় আন্দোলনকারী বিভিন্ন সংস্থা ও প্রগতিশীল ডেমোক্র্যাটিকরা ডেবকে মনোনিত করার দাবি জানিয়ে আসছিলেন। 

এক বক্তব্যে ডেব বলেন, বাইডেন-হ্যারিসের জলবায়ু বিষয়ক এজেন্ডা সামনে এগিয়ে নিতে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আদিবাসীদের যে সম্পর্ক খারাপ দিকে গিয়েছিল তা আবার ঠিক করতে এবং যুক্তরাষ্ট্রের মন্ত্রীপরিষদে প্রথম আদিবাসী আমেরিকান সদস্য হিসেবে কাজ করতে আমি গর্ববোধ করবো।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে আদিবাসীদের বিরোধপূর্ণ সম্পর্কের ইতিহাস রয়েছে। তাই ডেব হালান্ডের এই নিয়োগ সাংস্কৃতিক গুরুত্বও বহন করে।

 

 

Exit mobile version