আপনার শুভেচ্ছা বার্তায় আমি আপ্লুত: প্রধানমন্ত্রী হাসিনাকে মমতার চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়

সন্ধান২৪.কমঃ বৃহস্পতিবার (৬ মে) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন বার্তা পেয়ে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে পাল্টা চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বুধবার (৫ মে) এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠানো চিঠিতে শেখ হাসিনাকে মমতা বলেন, ‘আপনার শুভেচ্ছাবার্তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত। আপনাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই জয় বাংলার মা-মাটি-মানুষের জয়। উন্নয়নের জয়। আর সর্বোপরি, একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়।’

চিঠিতে মমতা বলেন, ‘গত ১০ বছরে অনেক কাজ আমরা করেছি। আগামী দিনেও আরও অনেক কাজ আমরা করবো। বাংলার মানুষ যে ভরসা আজ আমাদের ওপর রাখলেন, আমরা তার যোগ্য সম্মান দেবো। বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দেবো– এই আমাদের অঙ্গীকার।’

চিঠিতে আশাবাদ ব্যক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘দুই বাংলার মধ্যে ভৌগলিক সীমারেখা থাকলেও চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই ভালোবাসার বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে, এই বিষয়ে আমি নিশ্চিত।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠিতে মমতা ব্যানার্জি বলেন, ‘আপনাকে, রেহানাকে ও সমগ্র বাংলাদেশবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালাম। আপনাদের শুভকামনাই হবে আমাদের চলার পথের পাথেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

 

Exit mobile version