আফগানিস্তানে তারাবির নামাজে গুলি, ৮ ভাই নিহত

সন্ধান২৪.কমঃ শনিবার (১৭ এপ্রিল) রাত নয়টার দিকে আফগানিস্তানের নানগড়ে তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি চালিয়ে একই পরিবারের ৮ সদস্যকে হত্যা করেছে বন্দুকধারীরা। 

স্থানীয় পুলিশের বরাতে দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, ‘তারাবির নামাজের সময় মসজিদে ঢুকে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি টার্গেটেড হামলা।’ আটজনের মধ্যে পাঁচজন এক মায়ের সন্তান, বাকি তিনজন তাদের চাচাতো ভাই। জালালাবাদের ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হয়।

পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, নানগড়ের বাসিন্দা হাজী আবদুল ওহাবের পাঁচ ছেলে ও তিন ভাগ্নে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন,এটি ব্যক্তিগত শত্রুতার কারণে হয়েছিল।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম টলো নিউজ জানিয়েছে স্থানীয় সময় রাত ৯ টার দিকে জালালাবাদ নগরীর জেলার একটি মসজিদে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা নামাজ পড়ার সময় পরিবারের সদস্যদের উপর গুলি চালানোর পরে এ ঘটনা ঘটে।

আফগানিস্তানে জমি নিয়ে বিরোধ প্রায়ই ঘটে। তথাকথিত জ্ঞাতি বৈরিতা দশকের পর দশক এক প্রজন্ম থেকে আরপ্রজন্ম পর্যন্ত সহিংসতার চক্র গড়ে তুলে।

গত বছর এপ্রিলে একই প্রদেশে জমি নিয়ে বিরোধে সশস্ত্র সংঘর্ষে ছয় উপজাতি সদস্য নিহত ও ২০ জন আহত হয়েছিলেন। টানা কয়েক দিন জারি ছিল সংঘাত।

নাঙ্গারহার প্রদেশ তালেবান ও আইএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। অঞ্চলটিতে সমতল জমি রয়েছে। আফগানিস্তানের কৃষিখাতের জন্য এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

Exit mobile version