সন্ধান২৪.কম ডেস্ক : আফগানিস্তানের কুনার প্রদেশে স্কুল চলাকালীন ভয়াবগ বিস্ফোরণ ঘটল।শনিবার সকালে কুনার প্রদেশের আন্দেরসির এলাকার আসাদাবাদে এক স্কুলের কাছে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে বহু ছাত্রের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় প্রশাসনের তরফে প্রাথমিক ভাবে সাত জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। আহতের সংখ্যা ৯৯।

কুনার প্রদেশের পুলিশ প্রধান ফরিদ দেকান জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টার সময় বিস্ফোরণে কেঁপে ওঠে স্কুল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্কুলের কাছেই একটি খনন সংস্থার বিস্ফোরক মজুত করার জায়গা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। বিস্ফোরকের মজুতের ক্ষেত্রে অবহেলা বা অসতর্কতার সম্ভাবনাও খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। এমনটাই জানিয়েছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আবদুল মতিন কানি।
কুনার প্রদেশ আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তলাগোয়া। আর এখান থেকেও সন্দেহ বাড়ছে, এটি শুধুই বিস্ফোরণের ঘটনা, না কি কোনও হামলা? আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে সংঘর্ষ লেগেই রয়েছে। ফলে এটি কোনও হামলার ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।


