আবার অনুশীলনে মুশফিকরা

ছবি ফাইল

রোববার মিরপুরে শুরু হয়েছে সীমিত আকারের অনুশীলন। মাঠের অনুশীলনে নামার সুযোগ পেয়ে মুশফিকুর রহিমের মুখে তৃপ্তির হাসি -ওয়েবসাইট
সন্ধান২৪.কম : মার্চে প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড খেলেই তারা গৃহবন্দি হয়ে পড়েন। এরপর আর মাঠমুখো হতে পারেননি। প্রায় চার মাস পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে ফিরেছেন ঢাকায় বসবাসরত আগ্রহী ক্রিকেটাররা।  করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থেকেছেন ক্রিকেটাররা। অবশ্য করোনাকাল হওয়ায় স্বাস্থ্যবিধি মেনেই তাদের ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কয়েকজন ক্রিকেটারের আগ্রহের কারণে ২৬ জুলাই পর্যন্ত চার ভেনু্যতে অনুশীলনের অনুমতি দিয়েছে বিসিবি। তবে বেশির ভাগ ক্রিকেটারেরই তাতে আগ্রহ নেই। কড়া স্বাস্থ্যবিধি মেনে সেই অনুশীলন চলবে কড়া সুরক্ষিত পরিবেশে।
বলতে গেলে প্রায় লম্বা সময়ই মুশফিকরা সবুজ ঘাসের ছোঁয়া থেকে দূরে ছিলেন। বাসায় টুকটাক ফিটনেস নিয়ে কাজ করেছেন, তবে ব্যাট-বলের অনুশীলন ছিল একেবারেই বন্ধ। বিসিবি অবশ্য তাদের ফেরার আগে কিছু নিয়মনীতিও তৈরি করে দিয়েছিল। সেসব মেনে ক্রিকেটাররা অবশেষে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছেন।রোববার সকাল থেকে দেশের চার ভেনু্যতে ব্যক্তিগত অনুশীলন সারেন ৮ ক্রিকেটার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম। সোমবার অনুশীলনে নামবেন ইমরুল কায়েস। প্রথম দিন একটু অন্যরকম প্রস্তুতির দেখা মিলল শেরেবাংলা স্টেডিয়ামে রোববারের সকালে। স্টেডিয়ামের মূল প্রবেশ পথে হাতে দেওয়া হলো স্যানিটাইজার। সচেতনতার অংশ হিসেবেই সবার মুখে মাস্ক। চারপাশের প্রায় সবকিছুতেই একটু নতুন সাজের ধাত। অন্য সময়ের তুলনায় বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। পরিচিত ক্রিকেট সাংবাদিকদের একে অন্যের সঙ্গে দেখা-সাক্ষাৎ অনেকদিন পরে। সেই দেখা হওয়ায় উচ্ছ্বাস থাকল, তবে সামাজিক দূরত্বের বিধিবিধানও মানলেন সবাই। সবার চোখ একাডেমির মাঠে।
Exit mobile version