সন্ধান২৪.কম : প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার দু’মিনিট ষোলো সেকেন্ডের শেয়ার করা একটি ভিডিয়োই নেট দুনিয়ায় আপাতত ঝড় তুলেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, নীল ফুল হাতা শার্ট পরা ওবামা তাঁর পাশে রাখা একটি ল্যান্ডফোন থেকে একটি নম্বরে ডায়াল করছেন। আসলে এক মহিলাকে ফোন করে এ বারের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের হয়ে ভোট চেয়েছেন বাইডেনেরই প্রাক্তন ‘বস’। সেই ফোনালাপই এখন নেট দুনিয়ার চর্চার বিষয়।
ভিডিয়োটি নিজের টুইটারে শেয়ার করার কিছু ক্ষণের মধ্যেই প্রায় ২০.৮ লক্ষ নেট-নাগরিক সেটি দেখে ফেলেছেন। এলিসা ক্যামেরোটা নামে যে মহিলাকে তিনি ফোন করেছিলেন, সেই মহিলাও সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথাবার্তার সেই ভিডিয়ো পোস্ট করেছেন। দেশের প্রাক্তন প্রেসিডেন্টের ব্যবহারে এলিসা তো মুগ্ধই, নেট-নাগরিকদের অনেকেই ওবামার প্রশংসায় এখনও পঞ্চমুখ। ভিডিয়োটি শেয়ার করার আগে একটি নোট লিখেছেন ওবামা। বলেছেন, ‘‘বাড়িতে থেকে বা পোলিং স্টেশনে গিয়ে পার্থক্যটা আপনিই গড়তে পারবেন। অনেক প্রদেশেই মাত্র কয়েকটা ভোটের হেরফেরেই অনেক কিছু হতে পারে….।’’
ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, এলিসা ফোনটা তোলার পরেই নিজের পুরো নাম বলে তাঁকে তিনি জিজ্ঞেস করেন, ‘‘আমি আপনাদের প্রেসিডেন্ট ছিলাম, মনে আছে?’’ এলিসা তত ক্ষণে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির গলা চিনে ফেলেছেন। তিনি উত্তর দেন, ‘‘আমার মনে হয় এ বার প্যানিক অ্যাটাক হবে।’’ ওবামা তাঁকে মনে করিয়ে দেন, মঙ্গলবারের ভোটের কথা। জানান, এ বারের ভোট কেন এত গুরুত্বপূর্ণ। বলেন, ‘‘আমি চাই বাইডেন আর কমলার হয়ে আপনি ভোট দিন। চাইলে আপনার পোলিং বুথ সংক্রান্ত সব তথ্যও আমি আপনাকে দিতে পারি।’’ এলিসা উত্তরে জানান, তিনি সব জানেন, তিনি অবশ্যই ভোট দিতে যাবেন। কথার মাঝেই শোনা যায় এক শিশুর গলা। ওবামা এ বার এলিসাকে জিজ্ঞেস করেন ব্যাপারটা ঠিক কী। আনন্দ বাজার পত্রিকা


