আমেরিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি স্ত্রী-মেয়ে নিহত, স্বামী ও ছোট মেয়ে হাসপাতালে, জানাজা সোমবার

সন্ধান২৪.কম ডেস্ক : আমেরিকার মেরিল্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাংলাদেশি পরিবারের স্ত্রী ও বড় মেয়ে নিহত, স্বামী ও ছোট মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

নিহত প্রবাসী বাংলাদেশি মা ও মেয়ের জানাজা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও প্রাথমিক তদন্তের জন্য হাইওয়েটি প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। তদন্ত শেষে পুলিশ নিশ্চিত করেছে, ঘাতক ফোর্ড মুস্তাং গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। অভিযুক্ত ওই চালককে শনাক্ত করা হয়েছে, যার নাম জোসে ক্যাবালেরো নোলাস্কো (৩২)।

গত শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বেথেসডায় ইন্টারস্টেট ২৭০ (আই-২৭০) হাইওয়েতে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। মেরিল্যান্ড স্টেট পুলিশের তথ্যমতে, নিহতরা হলেন মুসাম্মাত শামীমা বেগম (৪৬) এবং তাঁর মেয়ে আরিবা জাহিন (২৩)।

পরিবারটি ভার্জিনিয়ার বার্ক এবং আলেকজান্দ্রিয়া এলাকার বাসিন্দা ছিলেন। এই দুর্ঘটনায় তাঁদের টয়োটা ক্যামরি গাড়ির চালকের আসনে থাকা শামীমা বেগমের স্বামী ফারুক (৬২) এবং তাঁদের আট বছর বয়সী ছোট মেয়ে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেরিল্যান্ড স্টেট পুলিশের তদন্ত অনুযায়ী, ডেমোক্রেসি বুলেভার্ডের ঠিক দক্ষিণে হাইওয়ের দক্ষিণমুখী অংশে একটি ফোর্ড মুস্তাং গাড়ি ভুল পথে (উত্তর দিকে) তীব্র বেগে ছুটছিল। একপর্যায়ে সেটি বিপরীত দিক থেকে আসা বাংলাদেশি ওই পরিবারের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমা ও আরিবা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মন্টগোমেরির বাসিন্দার চালককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে চরম অবহেলাজনিত জোড়া নরহত্যা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আগামীকাল সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে জোহরের নামাজের পর গেইথার্সবার্গের ইসলামিক সেন্টার অব মেরিল্যান্ডে মা ও মেয়ের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাদের দাফন করা হবে ফ্রেডেরিকের আল-ফিরদাউস মেমোরিয়াল গার্ডেনসে। সুত্র: আমেরিকা বাংলা

 

 

 

 

—–

 

Exit mobile version