সন্ধান২৪.কম ডেস্ক : আমেরিকা না-ছাড়লে টেক্সাসে ভারতীয়দের খুন করা হবে বলে হুমকি দেওয়া হল। এ ধরনের একটি উড়ো চিঠি পুলিশ হাতে পেয়েছে। তদন্তও শুরু হয়েছে। উড়ো চিঠির অভিযোগ, ভারতীয় ও চিনাদের কারণে মার্কিনিরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে।
দ্রুত আমেরিকা না ছাড়লে, ফল ভালো হবে না। নির্দয় ভাবে গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে। ওই একই চিঠিতে চিনাদের উদ্দেশেও হুমকি রয়েছে। আমেরিকায় বর্ণবাদ বিরোধী তীব্র আন্দোলনের মধ্যেই উড়ো চিঠিতে প্রাণনাশের হুমকি পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়রা।
টেক্সাসের এই চিঠির নীচে যদিও কারও স্বাক্ষর নেই। কিন্তু, হুমকি চিঠির খবর সেখানকার ভারতীয় ও চিনামহলে রাষ্ট্র হওয়ার পর থেকেই নিরাপত্তা নিয়ে তাঁরা আতঙ্কিত বোধ করতে শুরু করেছেন। এই হুমকিকে সবাই গুরুত্ব না দিলেও সেখানকার অনাবাসীদের অনেকেই কিন্তু ভীত। তাঁরা টেক্সাসের ইরিভিং পুলিশ বিভাগের শরণাপন্ন হয়েছেন।
কিন্ত, তার পরেও যাঁদের হাতে উড়ো এই চিঠিটি গিয়েছে, তাঁরা কিন্তু স্বস্তিতে নেই। কারণ, সাম্প্রতিক অতীতে মার্কিনমুলুকে বেশ কয়েক জন ভারতীয়ের ‘অস্বাভাবিক মৃত্য’ ও খুনের ঘটনা ঘটেছে। সবক’টির যে কিনারা হয়েছে, তা-ও নয়।
ভারতীয় ও চিনাদের উপর মার্কিন এই বিদ্বেষের কারণ অবশ্যই চাকরি। চিঠিতে অভিযোগ করা হয়েছে, ভারতীয় ও চিনাদের কারণে তাঁরা আমেরিকায় চাকরি পাচ্ছেন না। এই দুই দেশ থেকে লোকজন এসে, তাঁদের রুজিতে ভাগ বসাচ্ছেন। আর তাঁরা আমেরিকার নাগরিক হয়েও একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন।
