আশঙ্কা,প্রতিক্ষা আর সংশয়ের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

সন্ধান২৪.কম : পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে  জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। তার রানিং মেট কমলা হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

সিএনএন-এর পূর্বাভাস অনুযায়ী তার প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৭৩। আর এপির পূর্বাভাস অনুযায়ী তার প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৮৪। জয়ী হিসেবে বাইডেনের জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার কথা। তবে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নির্বাচন নিয়ে বেশকিছু মামলা করা হয়েছে।

 নিজের জন্মস্থান পেনসিলভানিয়ায় বাইডেনের জয়ী হওয়ার পূর্বাভাস পাওয়ার আগ পর্যন্ত মার্কিন বার্তা সংস্থা এপি ও ফক্স নিউজের হিসেবে বাইডেনের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ছিল ২৬৪। আর সিএনএন ও বিবিসিসহ বেশকিছু সংবাদমাধ্যমের হিসেবে বাইডেনের ভোট ছিল ২৫৩টি। এইসব সংবাদমাধ্যম এখনও জর্জিয়ায় বাইডেনকে জয়ী বলতে নারাজ। তবে  ২০ ইলেক্টোরাল ভোটের পেনসিলভানিয়ায় নিশ্চিতের পর আর কোনও সংশয় রইলো না। বাইডেন পৌঁছে গেলেন ম্যাজিক ফিগারে। ফলে বাইডেনই প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজের মসনদে বসছেন।

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আগে বারাক ওবামা আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন বাইডেন। ডেলাওয়ারের সবচেয়ে দীর্ঘ আমলের সিনেটরও তিনি। নির্বাচনি প্রচারের সময় থেকেই বাইডেন বলে আসছেন ট্রাম্পের আমলে ক্ষয়ে যাওয়া দেশ পুনর্গঠন করবেন।

সিএনএন আরও আভাস অনুযায়ী যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস। এছাড়াও তিনি দেশটির প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও হবেন। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্টও হবেন তিনি।

২০১৭ সাল থেকে ক্যালিফোর্নিয়া থেকে সিনেটে প্রতিনিধিত্ব করে আসছেন হ্যারিস। জ্যামাইকান বাবা ও ভারতীয় অভিবাসী মায়ের সন্তান তিনি। কৃষ্ণাঙ্গ ব্যাপটিস্ট চার্চ আর হিন্দু মন্দিরে যাতায়াত করে বেড়ে উঠেছেন তিনি।

 

 

 

Exit mobile version