ইউক্রেন উত্তেজনা : নিরাপত্তা পরিষদে বিবাদে জড়াল রাশিয়া-যুক্তরাষ্ট্র

সন্ধান২৪.কম : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা বিবাদে জড়িয়েছেন। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন রাখার বিষয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকে যুক্তরাষ্ট্র। সেখানেই ক্ষমতার লড়াইয়ে নামে দেশ দুটি।
ইউক্রেন সীমান্তে রুশ সৈন্য মোতায়েনের ব্যাপারে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, কয়েক দশকের মধ্যে ইউরোপে সবচেয়ে বেশিসংখ্যক সৈন্য সমাবেশ এটি।

এদিকে রাশিয়ার দূত অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভীতি ছড়াচ্ছে এবং রাশিয়ার ব্যাপারে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ করছে।

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য প্রতিশ্রুতি দিয়েছে, ইউক্রেনে আগ্রাসন চালালে তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ক্রেমলিনের ঘনিষ্ঠ ব্যক্তি ও ব্যবসার ওপর বড় আকারে সম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারে আইন প্রস্তুত করা হচ্ছে।

মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটনের নিষেধাজ্ঞার অর্থ হলো- ক্রেমলিনের ঘনিষ্ঠ ব্যক্তিরা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

প্রসঙ্গত, রাশিয়া এক লাখের বেশি সৈন্য ইউক্রেন সীমান্তে মোতায়েন রেখেছে। এ ছাড়া ট্যাংক, কামান এবং ক্ষেপণাস্ত্র মজুদ রেখেছে।
সূত্র : বিবিসি।

Exit mobile version