ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন! অশান্ত বাংলাদেশে ২৪ ঘণ্টায় নিহত ৪, হিংসা ছড়িয়েছে ১৮ জেলায়

ছবি: সংগৃহীত, চট্টগ্রামে ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগ!

সন্ধান২৪.কম ডেস্ক : বুধবার গভীর রাতে আগুন ধরানো হয় পূর্বতন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক ভিটে ‘নিরিবিলি’তে ! চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার ইউনূস পরিবারের তিনতলা ভবনটির নীচের তলায় বুধবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। টহলরত পুলিশকর্মীরা আগুন দেখতে পেয়ে বাড়ির ভিতরে ঢুকে তা নিবিয়ে ফেলেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে গুঞ্জনের মাঝে অশান্তি ক্রমশ বাড়ছে বাংলাদেশে। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে  অশান্তি, বিক্ষোভ, হিংসা অব্যাহত বাংলাদেশে। সোমবার টুঙ্গিপাড়া-সহ গোপালগঞ্জ জেলার কিছু অঞ্চলে যে হিংসা ছড়িয়েছিল, তার রেশ বৃহস্পতিবার দেখা গিয়েছে সে দেশের ৬৪টি জেলার মধ্যে অন্তত ১৮টিতে। বৃহস্পতিবার সকালে সেখানে বিএনপির সংসদ সদস্যের বাড়িতেও হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। অন্য দিকে, গোপালগঞ্জে বিএনপি সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ।

বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার ইউনূসের তিনতলা ভবনটির নীচের তলার একটি কক্ষে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগিয়ে দেওয়া হয়। আশপাশে টহলরত পুলিশকর্মীরা আগুন দেখতে পেয়ে বাড়ির ভিতরে ঢুকে তা নিবিয়ে ফেলেন। তবে হামলাকারীদের কাউকে ধরা যায়নি। চট্টগ্রাম পুলিশ জানিয়েছে, ইউনূসের পৈতৃক বাড়ির নীচতলায় কেউ থাকেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোজাম্মেল হক জানিয়েছেন, হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

তার সঙ্গে চলছে পোশাকশ্রমিকদের বিক্ষোভও। তাতেও আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের। হাসিনার দলের কার্যকলাপ রোখার ডাক দিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। বুধবার নড়াইলে এমনই এক বিক্ষোভ মিছিল ঘিরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে তিন বিএনপি কর্মী নিহত হয়েছেন। তা ছাড়া বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে এক চালকের। ঢাকায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার বিভিন্ন শাখা সংগঠনের ৭১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আনন্দবাজার ডট কম ডেস্ক।

 

 

Exit mobile version