সন্ধান২৪.কম ডেস্ক : নানা বিতর্কের মধ্য দিয়ে স্কুলে বোরখা ও নিকাব নিষিদ্ধ হল ইটালিতে। শুধু তাই নয়, স্কুলগুলিতে বিদেশি পড়ুয়াদের উর্ধ্বসীমাও বেঁধে দেওয়া হল।২৬ নভেম্বর চেম্বার অফ ডেপুটিজ আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেয়। যদিও বিরোধীরা এর প্রতিবাদ করেছে। তাদের দাবি, এই ধরনের আইন এনে আখেরেই বৈষম্যই ছড়াচ্ছে সরকার।
শরণার্থী বিতর্ক চাপা দিতে গিয়ে পার্লামেন্টে পাশ হওয়া বিল অনুযায়ী ৩০ শতাংশের বেশি বিদেশি পড়ুয়া ভর্তি হতে পারবে না স্কুলে। কোনও ছাত্রী যদি বোরখা ও নিকাব পরে স্কুলে আসে, তাহলে সর্বোচ্চ ১ হাজার ইউরো (ভারতীয় মুদ্রায় ১ লক্ষ টাকারও বেশি) জরিমানা দিতে হতে পারে।
ইউরোপে প্রবেশের জন্য অভিবাসীদের কাছে ইটালিই হল অন্যতম প্রধান ট্রানজিট দেশ। আগামী বছর নির্বাচনের আগে এখানকার অভিবাসীদের স্থানীয়দের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি প্রচারের অন্যতম ইস্যু হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিদেশি পড়ুয়াদের ঊর্ধ্বসীমা বেধে দেওয়া হল।
এর আগে গত জুলাই মাসে স্কুলে বোরখা ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের দাবি তুলেছিল সেখানকার ন্যাশনাল ফিউচার (এফএন) পার্টি। গত ফেব্রুয়ারি মাসে দলটি আত্মপ্রকাশের পর দেশে এই দলের দাপট ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে।
উল্লেখ্য, ২৬ নভেম্বর চেম্বার অফ ডেপুটিজ আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেয়। পক্ষে ১৪২টি ভোট, বিপক্ষে ১১২টি ভোট পড়েছিল। চারজন সদস্য ভোটদান থেকে বিরত থাকেন। এর আগে ২০ নভেম্বর সিনেট ডিক্রিটিকে অনুমোদন দিয়েছিল, যার মাধ্যমে পার্লামেন্টের উভয় কক্ষে আইনটির পাশ হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক


