ইমরান খানের দশা হতে পারে শ্রীলংকার গোটাবায়ার!

দুই দেশের চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপট ভিন্ন হলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দশা হতে পারে শ্রীলংকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের।

শনিবার জাতীয় পরিষদে অনাস্থা ভোটের মুখে পড়তে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই পরিস্থিতি দেখিয়ে দিয়ে শ্রীলঙ্কার সরকারকে অনাস্থা ভোটের মুখোমুখি করার হুমকি দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল সমাজি জন বলওয়েগায়ার (এসজেবি)।

রয়টার্স বলছে, শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে এমন হুমকি দিয়ে এসজেবি নেতা সাজিথ প্রেমাদাসা দেশের অর্থনৈতিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে তাগিদ দিয়েছেন। আর তা নাহলে শিগগিরই পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনা হবে।

ঋণে জর্জরিত এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমে আসাসহ বিশৃঙ্খল ঋণখেলাপি অবস্থা থেকে দেশকে মুক্ত করে আনতে আর্থিক উপদেষ্টা নিয়োগ দেওয়ার দাবিও তুলেছেন শ্রীলংকার এই বিরোধী দলীয় নেতা।

নজিরবিহীন আর্থিক সংকটে পড়া দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকার মানুষ দুর্দশায় দিন যাপন করছে। মূল্যস্ফীতি মাত্রা ছাড়িয়ে যাওয়ার মধ্যে দুই কোটির বেশি মানুষের দেশটি সম্প্রতি কাগজের অভাবে স্কুল-কলেজের পরীক্ষা পর্যন্ত নিতে পারেনি।

দেশের এসব সংকটের জন্য প্রেসিডেন্ট গোটাবায়াকে সরাসরি দায়ী করে এসজেবি নেতা সাজিথ প্রেমাদাসা বলেন, ‘সরকারের উচিৎ যত দ্রুত সম্ভব আর্থিক সংকট নিরসন করা। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেজন্য শাসন পদ্ধতির উন্নতির জন্য কাজ করা। আর তা নাহলে আমরা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনব।’

Exit mobile version