সন্ধান২৪.কম : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করেছেন যে, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য বন্ধুপ্রতিম দেশগুলো থেকে চাপ আসছে। তবে তিনি সেই দেশগুলোর নাম বলেননি। গত বৃহস্পতিবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান এ নিয়ে কথা বলেন।
পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার পক্ষেই ছিল এতোদিন। কিন্তু ইমরান খান হঠাৎ করেই বলে বসলেন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া নিয়ে চাপে রয়েছে পকিস্তান। তাহলে কি পরিস্থিতি উল্টো দিকে ঘুরছে? ইমরান খান কি ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছেন ?

যারা আপনাকে চাপ দিচ্ছে তারা কি অমুসলিম বা মুসলিম দেশ? এমন প্রশ্নের উত্তরে ইমরান খান বলেন, এটা (প্রশ্ন) বাদ দিন। এমন কিছু জিনিস রয়েছে যা আমরা বলতে পারি না। তাদের (দেশগুলো) সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তিনি আরো বলেন, অর্থনীতির দিক দিয়ে আমাদের নিজের পায়ে দাঁড়াতে দিন, পরে আপনি এমন প্রশ্ন করতে পারবেন।
সম্প্রতি ইসরাইলের সঙ্গে আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এরপর আরো কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
সূত্র: ট্রিবিউন ডট পিকে।