উদীচী সম্মেলনে বোমা হামলা,বিচারের দাবিতে নিউইয়র্কে গণ সমাবেশ

সন্ধান২৪.কমঃ যশোরের উদীচী সম্মেলনে বোমা হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে নিউইয়র্কে গণ সমাবেশের আয়োজন করা হয়।
গত ১২ মার্চ বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় উদীচী যুক্তরাষ্ট্র শাখা এই সমাবেশ করে।
সংগঠনের সভাপতি সুব্রত বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি শরাফ সরকার ও ওবায়দুল্লা মামুন,সাবেক ছাত্র ইউনিয়ন নেতা জাকির হোসেন বাচ্চু, উদীচী জ্যামাইকা শাখার সভাপতি বাবুল আচার্য, যুক্তরাষ্ট্র মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, উদীচীর সদস্য হিরো চৌধুরী,লিয়াকত আলী প্রমূখ। ঘোষনা পত্র পাঠ করেন সুপর্না সরকার রিমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলিম উদ্দিন।


সভাপতির ভাষণে সুব্রত বিশ্বাস বলেন, ‘ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ সরকারের আমলে। পরবর্তী সময়ে সেই আওয়ামী লীগ আরও চারবার ক্ষমতায় এসেছে। কিন্তু এত বছরেও হত্যাকান্ডের বিচার হলো না। আমরা স্বাধীনতার পক্ষের শক্তির কথা বলি। সেই স্বাধীনতার পক্ষের সরকার ক্ষমতায় থাকতেও যখন বিচার হয় না, তখন ভাবতে খুব অবাক লাগে। আমি মনে করি, সরকারের সদিচ্ছা থাকলে উদীচী ট্র্যাজেডির বিচার হবেই।’
অন্যান্য বক্তরা বলেন, যশোরে অনুষ্ঠিত উদীচী জাতীয় সম্মেলনে বোমা হামলা ইতিহাসের ন্যক্কারজনক ঘটনা। জঘন্যতম এ হামলার নেপথ্য স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ও জঙ্গি চক্র জড়িত। আমরা যশোরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলা চালানো হয়। বোমার আঘাতে শিল্পীসহ ১০ জন নিহত ও শ শ নিরীহ মানুষ আহত হন।

Exit mobile version