সন্ধান২৪.কমঃ জম্মু বিমানবন্দরের বায়ুসেনা ঘাঁটিতে রবিবার সকালেই দুটি বিস্ফোরণ হয়। বিকেল গড়াতেই জম্মু থেকেই ৬ কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন এক লস্কর জঙ্গিকেও।


রবিবারই কোনও জনবহুল এলাকায় এই বিস্ফোরক রাখার পরিকল্পনা করা হয়েছিল পুলিশের সন্দেহ । ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে বাকি তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। তবে প্রশাসন মনে করছে, এই বিপুল বিস্ফোরক উদ্ধারের ফলে বড়সড় হামলা রুখে দেওয়া সম্ভব হয়েছে। রবিবারই জম্মুর নারওয়াল এলাকা থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তার থেকেও বিস্ফোরক উদ্ধার হয়।
জম্মুর সামরিক ঘাঁটিতে শনিবার গভীর রাতে ড্রোন হামলা চলে। শনিবার রাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি আইইডি বিস্ফোরণ ঘটে। তাতে বায়ুসেনার দুই কর্মী আহত হন। বিস্ফোরণের দাপটে বায়ুসেনার ভবনের ছাদে বড় গর্ত হয়ে যায়। এর পরেই শুধু কাশ্মীরের নয়, দেশের সমস্ত সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতারও করে পুলিশ। কিন্তু একই দিনে ফের জম্মুতে বিস্ফোরক উদ্ধার যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।


