সন্ধান২৪.কম ডেস্ক : একাধিক বিয়েএবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন- এমন অভিযোগ এনে স্ত্রীর করা প্রতারণার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকরা নেতা হলো বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দ।
মামলার বাদী মিজানুর রহমানের স্ত্রী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে স্বামী তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন।
নিয়মিত ভরণপোষণও দিচ্ছেন না। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
তার আরো অভিযোগ, মিজান অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা-পুলিশ।
এদিকে তাকে গ্রেপ্তারের পর দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। একই সঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান আখন্দ।


