সন্ধান২৪.কম : পুলিশ এমসি কলেজের ছাত্রাবাসের তরুণী গৃহবধূ ধর্ষণের ঘটনায় মাহফুজুর রহমান মাসুম ও তারেক নামের আরও দুই ছাত্রলীগের ক্যাডারকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে ।
৩০ সেপ্টেম্বর শাহপরান থানার ইন্সপেক্টর (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক আবুল কাশেম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে ওই সময় আদালতে আসামি পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না। এ সময় মামলার এজাহারভুক্ত এক আসামি আদালতে নিজেকে নির্দোষ দাবি করে জানায়, সে ধর্ষণ ঘটনায় জড়িত নয়, ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল। এ সময় বিচারক তাকে থামিয়ে দেন।
এর আগে সোমবার সিলেট জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে হরিপুর এলাকা থেকে মাহফুজুর ও মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই থেকে তাদের গ্রেফতার করে।
উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বামীর সঙ্গে এমসি কলেজ এলাকায় বেড়াতে গিয়ে ছাত্রলীগ ক্যাডারদের দ্বারা গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। ক্যাডাররা তাকে স্বামীর কাছ থেকে জোরপূর্বক তুলে নিয়ে ছাত্রাবাসের একটি কক্ষের সামনে গণধর্ষণ করে। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে ৬ ক্যাডারের নাম উল্লেখসহ ৯ জনকে আসামি করে এসএমপির শাহপরান থানায় একটি মামলা করেন। এ ঘটনায় এজাহারভুক্ত সব আসামিসহ এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব। এরমধ্যে পর্যায়ক্রমে গত তিনদিনে সকলকেই রিমান্ডে নেয়া হয়।
