সন্ধান২৪.কমঃ আদালতের সাজাপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করেন এবং যুক্তরাষ্ট্রে তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্টে দুই লাখ ৮০ হাজার ডলার পাচার করেন বলে অভিযোগ। গত ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

এই টাকায় যুক্তরাষ্ট্রে তিনতলা বাড়ি কেনা হয়। এ ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি দায়ের করা মামলায় আদালত যুক্তরাষ্ট্রে এসকে সিনহা ও অনন্ত সিনহার ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের আদেশ দিয়েছেন । বাড়ি ও ব্যাংক হিসাব জব্দের জন্য এখন যুক্তরাষ্ট্রে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পরিচালক বলেন, ‘এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের আবেদন করা হয়েছিল। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।’
জব্দ হওয়া তিনটি ব্যাংক অ্যাকাউন্ট হলো- ম্যাসাচুসেটসের বস্টনে সেফ ডিপোজিট বক্স,ম্যাসাচুসেটসের সিটিজেন ব্যাংক বস্টনে পারসোনাল চেকিং অ্যাকাউন্ট ও ভ্যালে ন্যাশনাল ব্যাংকে অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্ট। এছাড়া সম্পত্তি হিসেবে নিউ জার্সির প্যাটারসনের জ্যাসপার স্ট্রিট্রের ১৭৯ ঠিকানায় অবস্থিত বাড়িটি জব্দ করার আদেশ দেওয়া হয়েছে।
এর আগে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দ চেয়ে গত ২০ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান আদালতে আবেদন করেন। এরপর দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান আদালত ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের আদেশ দেন।
আবেদনে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ ও সম্পত্তি অর্জন করেছেন। তার একটি অংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয়েছে।
২০১৫ সালের ১৭ জানুয়ারি ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এস কে সিনহা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণ লেখেন তিনি। এরপর সমালোচনার মুখে ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে বিদেশ চলে যান তিনি। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।


