সন্ধান২৪.কম : ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ৩১ মার্চ পর্যন্ত এই সমস্ত ভিসা সংক্রান্ত সব কাজ বন্ধ থাকবে। করোনা পরিস্থিতির জন্য ‘ওয়ার্ক ভিসা’ এবং ‘ইমিগ্রান্ট ভিসা’-সহ বেশ কিছু ভিসার কাজ ৩ মাস স্থগিত রাখার নির্দেশ দিলেন
বৃহস্পতিবার প্রকাশিত ঘোষণাপত্রে ট্রাম্প জানিয়েছেন, কোভিড-১৯ এর জন্য জুন থেকে আমেরিকায় কাজের পরিস্থিতি খুব খারাপ হয়েছে, বেকারত্ব বেড়েছে। শুধু তাই নয়, এই অতিমারির ব্যাপক প্রভাব পড়েছে শ্রমিক বাজার এবং দেশের স্বাস্থ্য পরিকাঠামোয়। দেশের সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বছরের ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। প্রয়োজনে সেই মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই নির্দেশের ফলে এইচ-১বি, এইচ-২বি-সহ বেশ কিছু অস্থায়ী ভিসার জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁরা সমস্যার মুখে পড়লেন। বিশেষজ্ঞরা বলছেন, বহু বিদেশি কর্মী বিশেষ করে তথ্যপ্রযুক্তি সংস্থায় বহু কর্মী কাজ করতে যান আমেরিকায়। এই নিষেধাজ্ঞার ফলে ওই কর্মীরা যেমন প্রভাবিত হবেন, তেমনই বহু সংস্থাও কর্মী সঙ্কটে পড়বে।
‘ওয়ার্ক ভিসা’ নিয়ে আসা অভিবাসীদের সংখ্যা বিভিন্ন দেশের জন্য বেঁধে দেওয়া ছিল এত দিন। গত ডিসেম্বরেই তাতে ছাড় দেওয়া হয়। ফলে এইচ-১বি ভিসা হোল্ডারদের ক্ষেত্রে বড় সুবিধা হয়েছে। কিন্তু নতুন বছরেই ভিসার কাজকর্ম বন্ধ রাখার নির্দেশে অনেকেই সমস্যার মুখে পড়লেন বলে মত বিশেষজ্ঞদের।
