সন্ধান২৪.কম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ নিয়ে মারা যাওয়া সাংবাদিকদের পরিবারকে তিন লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন।
মঙ্গলবার সচিবালয়ে জাতীয় প্রেস ক্লাব পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় হাছান মাহমুদ বলেন, “ইতোমধ্যে অনেক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন। “আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এ ভাইরাস সংক্রমণে মৃত সাংবাদিকদের পরিবারকে তিন লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরইমধ্যে ছয়টি পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে।”
হাছান মাহমুদ বলেন, করোনাভাইরাসের প্রকোপ, ভয়াবহতা এবং প্রতিরোধের উপায় সম্পর্কে মানুষকে জানানো এবং এ সময় বিভিন্ন কর্মে নিয়োজিতদের দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরু থেকে সাংবাদিকরা যেন গুজবের বিরুদ্ধে সোচ্চার থাকে সে অনুরোধ ছিল।“গণমাধ্যম যেন চালু থাকে সে অনুরোধও আমরা করেছি। আমরা দেখছি, সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও গণমাধ্যম চালু আছে।” তিনি বলেন, করোনাভাইরাস সংকটে সংবাদপত্রগুলোর বিক্রি ও ছাপা সংখ্যা দুটোই কমেছে। এ অবস্থায় সংবাদপত্রগুলো যেন বকেয়া বিল পায় সেজন্য মন্ত্রিপরিষদের পক্ষ থেকে প্রতিটি মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
মতবিনিময়ে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, যুগ্ম-সম্পাদক মাইনুল আলম, নির্বাহী সদস্য কুদ্দুস আফ্রাদ, আবদাল আহমেদ ও জাহিদুজ্জামান অংশ নেন।
