করোনা মুক্তি ও স্বাধীনতা দিবসে আলোকিত যুক্তরাষ্ট্র

সন্ধান২৪.কমঃ   স্থানীয় সময় রবিবার (৪ জুলাই) স্বাধীনতা দিবস পালন করেছেন মার্কিনীরা । মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে দেশটিতে ভাইরাস সংক্রমণ একেবারেই কমে এসেছে। স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে মানুষজন। 

আতশবাজি উৎসব যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট  । এদিন, বড় থেকে ছোট প্রায় সকল শহরে আলোকসজ্জায় সজ্জিত হয়। কিন্তু গত বছর মহামারির কারণে তা করা সম্ভব হয়নি। তবে চলতি বছর আবারও স্বাভাবিক হয়ে আসছে সবকিছু। দেশটির জনগণ স্বতস্পূর্তভাবে স্বাধীনতা দিবস উদযাপন করছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও অঞ্চলে আবারও আতশবাজি উৎসব ফিরে এসেছে। অসংখ্য মানুষ এতে অংশ নিয়েছেন। আবার কেউ কেউ বাড়িতে বসে টেলিভিশনের মাধ্যমে অনুষ্ঠান উপভোগ করছেন। বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

অন্যতম বড় উৎসব পালিত হয়েছে টেক্সাসের অ্যাডিসন কাবুম শহরে। সেখানে অনুষ্ঠানের সকল টিকিট বিক্রি হয়ে গেছে। হোটেল- রেস্তোরাগুলোতে পার্টির জন্য বিভিন্ন প্যাকেজ রাখা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে আতশবাজি উৎসব শুরু হয়।

এ ছাড়া নিউ ইয়র্ক সিটি, আলাবামার বার্মিংহাম, বোস্টন, আইওয়ার ক্লিয়ার লেক, ফ্লোরিডার ফোর্ট লডারডেল, লাস ভেগাস, টেনেসির ন্যাশভিল, ক্যালিফোর্নিয়ার পাসাদেনা, ফিলাডেলফিয়া, সান ডিয়েগো, সেন্ট লুইস, ওয়াশিংটন ডিসিতে কনসার্ট ও আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

Exit mobile version