আইপিএল মানেই মুহূর্তে মুহূর্তে রোমাঞ্চ। প্রতিমুহূর্তে ম্যাচের গতিপথ বদলে যাওয়া। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মধ্যকার ম্যাচ যেন তারই দারুণ চিত্র হয়ে রইলো।
বোলারদের দাপটে কেকেআরের বিপক্ষে জেতার জন্য মাত্র ১২৯ রানের লক্ষ্য পেয়েছিল আরসিবি। মনে হচ্ছিলো যেন, সহজেই এই লক্ষ্য তাড়া করে ফেলবে আরসিবি। অথচ কেকেআর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক পর্যায়ে মনে হচ্ছিল, শেষ পর্যন্ত হার না ভাগ্যে জোটে আরসিবির। শেষ পর্যন্ত হার্শাল প্যাটেল ও দিনেশ কার্তিকের ব্যাটে ভর করে ৪ বল আগে জয় তুলে নেয় আরসিবি।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১২৮ রানে অলআউট হয়ে যায় কেকেআর। দলটির পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন আন্দ্রে রাসেল। এছাড়াও দশে নামা উমেশ যাদবের ব্যাট থেকে আসে ১৮ রান। আরসিবির হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ২০ রানে ৪ উইকেট নেন। এছাড়াও আকাশ দীপ ৩টি ও হার্শাল প্যাটেল ২ উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭ রানে ৩ উইকেট হারায় আরসিবি। বিরাট কোহলি করতে পারেন মাত্র ১২ রান। এরপর ছোট ছোট জুটি গড়ানোর পাশাপাশি উইকেটও হারাতে থাকে আরসিবি। এরমধ্যে শেরফান রাদারফোর্ড ২৮ ও শাহবাজ আহমেদ ২৭ রান করে আরসিবিকে খেলায় রাখে।
তবে এই দুই ব্যাটারের বিদায়ে আবারও বিপদে পড়ে আরসিবি। এক পর্যায়ে ১১১ রানে ৭ উইকেট হারায় দলটি। এক পর্যায়ে ১৩ বলে ১৮ রান লাগতো আরসিবির। হার্শাল ও কার্তিক ৯ বলে সেই রান তুলে ফেলে। হার্শাল ৬ বলে ১০ ও কার্তিক ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।
কলকাতার হয়ে টিম সাউদি ২০ রানে ৩ উইকেট নেন। এছাড়া উমেশ যাদব নেন ২টি উইকেট।
