আফগানিস্তানে একটি কূপের ভিতর আটকা পড়েছে হায়দার নামে একটি শিশু। দেশটির দক্ষিণে জাবুল প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘটেছে এ ঘটনা। তাকে উদ্ধারে ব্যাপক প্রচেষ্টা নেয়া হয়েছে। মঙ্গলবার সে ওই কূপের ভিতর পড়ে যায়। তারপর সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে বলে জানাচ্ছে বিবিসি। এতে উদ্বেগ বাড়ছে চারদিকে। অস্থির হয়ে সবাই অপেক্ষা করছে। হায়দারকে উদ্ধারে উদ্ধারকর্মীরা একটি টানেল খুঁড়ছেন।
সেখান দিয়ে তার কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। একটি ভিডিওতে দেখা গেছে, কূপের ভিতর আটকে আছে হায়দার। তবে তার হাত ও শরীরের উপরের অংশ নাড়াচাড়া করতে পারছে। তার সঙ্গে কথা বলেছেন হায়দারের পিতা। তিনি তার কাছে জানতে চেয়েছেন- তুমি ঠিক আছো বাবা? আমার সঙ্গে কথা বলো। কেঁদো না। তোমাকে বের করে আনার চেষ্টা করছি আমরা।
তার কথার জবাব দিয়েছে হায়দার। বলেছে, ঠিক আছে। আমি কথা বলে যাবো।
জাবুল প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার শোকাক গ্রামে রাস্তার পাশের ওই কূপে পড়ে যায় হায়দার। এদিন রাতেই তাকে সেখান থেকে উদ্ধারের চেষ্টা শুরু করেন উদ্ধারকর্মীরা। কিন্তু উদ্ধার অভিযানের সময় সে আরো বিপজ্জনকভাবে আটকে যায়। মাটি থেকে তার অবস্থানস্থল ১০ মিটার বা ৩৩ ফুট নিচে। ওই কূপটি প্রায় ২৫ মিটার গভীর।
তারপর থেকেই একটি সুড়ঙ্গ খুঁড়ে হায়দারের কাছে পৌঁছার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। এখানে উল্লেখ্য, কয়েকদিন আগে মরক্কোতে একই রকমভাবে কূপের ভিতর আটকা পড়েছিল একটি বালক। চারদিন চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়েছিল। তবে সে আর তখন বেঁচে নেই। মারা গেছে। তার দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের এ ঘটনা বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়েছে।
