সন্ধান২৪.কমঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন।
এই দুজন হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দনগাঁওয়ের গ্রামের ইয়াকুব আলী (৮০) ও তার ছেলে আজগর আলী (৫৩)। আজগর আলী হরিপুর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান, ইয়াকুব আলী বেশ কয়েক দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তাকে করোনাভাইরাস পরীক্ষা করতে বলা হয়।
“পরে তাকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ শনাক্ত হয়।”
চেয়ারম্যান বলেন, ইয়াকুব আলীর ছেলে আজগর আলীর শরীরেও করোনার উপসর্গ দেখা দিলে গত ৩০ জুন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা পরীক্ষা করা হয়; এবং তারও করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিনই আজগর আলীকেও দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জিয়াউল হাসান জানান, বৃহস্পতিবার ইয়াকুব আলী হাসপাতাল থেকে বাড়ি চলে আসেন। বাড়ি আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রাত সাড়ে ৮টার দিকে মারা যান।
“এদিকে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আজগর আলীর অবস্থার অবনতি হলে তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার তিনিও মারা যান।”
