সন্ধান২৪.কম : ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা সোয়া ১টায় তার মৃত্যু হয় ।নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৯ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তিন দিনের মাথায় তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত এক সপ্তাহ ধরে তাকে হাসপাতালে ভেন্টিলেটশনে রাখা হয়েছিল।
খালেদা জিয়ার দুই মেয়াদের সরকারে মন্ত্রীসভায় দায়িত্ব পালন করা কামাল ইবনে ইউসুফের বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৪০ সালের ২৩ মে ফরিদপুরে জন্মগ্রহণ করা চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসন থেকে পাঁচবার সংসদে গেছেন। জিয়াউর রহমানের সময়ে ১৯৭৯ সালে বিএনপিতে যোগ দেওয়া কামাল ইবনে ইউসুফ ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট উন্নয়ন কাউন্সিলর (ডিডিসি) ছিলেন। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
বিচারপতি আবদুস সাত্তারের সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করেন এই বিএনপি নেতা। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া সরকার গঠন করলে কামাল ইবনে ইউসুফকে তিনি স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব দেন। পরে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঢাকা থেকে চৌধুরী কামাল ইবনে ইউসুফের মরদেহ ফরিদপুরে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে। মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
