সন্ধান২৪.কম : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজধানীর তেজগাঁও, আফতাবনগর, ভাসানটেকে এবার কোরবানির পশুর হাট বসবে না ।

এছাড়া মোহাম্মদপুরের বসিলায় একটা হাট দেওয়া হবে। এছাড়াও পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী ও ১০০ ফুট সড়কের সাইদ নগর এলাকা, এয়ারপোর্টের কাছের কাওলা এলাকায় পশুর হাট বসবে। আর গাবতলীর স্থায়ী পশুর হাট তো থাকছেই।
পশুর হাটে ন্যূনতম পাঁচ ফুট দূরত্বে পশু রাখার নির্দেশনাও দিয়েছেন উত্তরের মেয়র। “সব হাটেই মেনে চলতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। ইজারদারদেরকে বলা থাকবে যাতে পশুর হাটে ন্যূনতম পাঁচ ফুট দূরে দূরে গরু রাখার ব্যবস্থা করে তারা। হাটে পর্যাপ্ত বেসিন এবং হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে, জনগণকে সচেতন করার লক্ষ্যে একটু পর পর মাইকিং থাকতে হবে।” শারীরিকভাবে দুর্বল, অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ এবং শিশুরা যেন পশুর হাটে না যায় সে অনুরোধও করেন আতিকুল ইসলাম।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২৪টি স্থান কোরবানির পশুর হাটের জন্য চূড়ান্ত করা হয়েছিল। এর মধ্যে ঢাকা দক্ষিণে রয়েছে ১৪টি।