খালেদা জিয়ার বাড়িতে ৯ জন করোনা আক্রান্ত

সন্ধান২৪.কমঃ  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়িতে তিনিসহ মোট নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 রোববার (১১ এপ্রিল) বিকালে খালেদা জিয়াকে দেখে আসার পর উপস্থিত সাংবাদিকদের একথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক মো. আল মামুন। তিনি বলেন, “ম্যাডামসহ মোট নয়জন আক্রান্ত।”

স্বাস্থ্য অধিদপ্তর আজ রোববার সকালে খালেদা জিয়া করোনাভাইরাস পজিটিভ নিশ্চিত করে। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান খালেদা জিয়া করোনা আক্রান্ত হলে ভালো আছেন । বর্তমানে তিনি ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন বলে জানান ফখরুল ।

মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। গতকাল (শনিবার) আইসিডিডিআর,বিতে তার নমুনা পরীক্ষা করা হয়েছে। আমরা আজকে যেটা পেয়েছি, সেই টেস্ট রিপোর্টটা পজিটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।”

যদিও বিএনপির পক্ষ থেকে এর আগে জানানো হয়, খালেদা জিয়া করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এমন খবর সঠিক নয়।

খালেদা জিয়ার চিকিৎসক ডা. মামুনের বরাত দিয়ে তার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, “আমি ডা. মামুনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে গিয়েছিলেন। করোনা পরীক্ষার জন্য তারা ম্যাডামের নমুনা নেননি।“

ফখরুল বলেন, “তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন।” তিনি জানান খালেদা জিয়ার তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত অন্য কোনো উপসর্গ নেই।

মির্জা ফখরুল বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে খালেদা জিয়ার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। “প্রফেসর ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন, তাদের তত্ত্বাবধানে ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে।

৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। তিন বছর আগে তাকে কারাগারে যেতে হয়। তবে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার । তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্বাবধানে আছেন।

 

Exit mobile version