সন্ধান২৪.কম : দলের সংবিধান বা গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার ঠিক আছে,জাতীয় পার্টি থেকে মহাসচিবের পদ হারানো মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন। এটাতে আমার আপত্তি নেই। আমি বিরোধিতা করি না। কিন্তু গণতান্ত্রিকভাবে কতখানি হয়েছে, তা আমি বলতে যাবো না।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধার আগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যক্তিগত কাজে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, দলে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমাকে যে বহিষ্কার করেছে বা বাদ দিয়েছে তা নয়। আমার সাথে কথা বলেছে। আমি বলেছি, আমার একটু অসুবিধা হচ্ছে। আমাদের দলের সংবিধান অনুযায়ী আমাকে বহিষ্কার করা হয়েছে। তবে গণতান্ত্রিকভাবে কতখানি হয়েছে, তা আমি বলতে যাবো না। দলের সংবিধান অনুযায়ী এটা ঠিক আছে। এটাতে আমার আপত্তিও নেই। আমি বিরোধিতাও করিনা।
ক’দিন আগেও বিভিন্ন সভা, সেমিনার ও টেলিভিশন টকশোতে দলীয় চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরোধিতা করলেও এবার তিনি প্রশংসা করে বলেন, চেয়ারম্যান সুন্দর ও সুষ্ঠুভাবে দল পরিচালনা করছেন। আমি দায়িত্বে থেকে বুঝেছি মহাসচিবের বিষয়টি দায়িত্বটা গুরুত্বপূর্ণ মনে হলেও সাংবিধানিকভাবে চেয়ারম্যানের দায়িত্বটাই বেশি। সুতরাং চেয়ারম্যান যেভাবে দল পরিচালনা করবেন, মহাসচিব বাবলুও সেভাবেই চালাবেন।
রাঙ্গা আরও বলেন, আমি রংপুরে থেকেই রাজনীতি করব। ঢাকায় বা কেন্দ্রে যদি আমার কোনো দায়িত্ব নাও থাকে আমি আমার জেলায় রাজনীতি করব।


