সন্ধান২৪.কম : অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সরকারের অনিবার্যতার ওপর গুরুত্বারোপ করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন ও গণঅভ্যুত্থান সংঘটিত করে সরকার পতনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে হবে। এই জাতীয় সরকারই রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।
আ স ম রব বলেন, আইনের শাসনের অনুপস্থিতি, নির্বাচনহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বে রাষ্ট্রের মর্যাদা ক্ষুন্ন হয়ে এখন তলানিতে। এই অবস্থা বিদ্যমান থাকলে ভূরাজনীতিতে বাংলাদেশ বড় ধরনের সংকটে নিপতিত হবে।
তিনি বলেন, দেশের ভেতরে মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা নেই, ভয়ের সংস্কৃতিতে মানুষ কথা বলতে পারছে না। দুর্নীতিতে সারা দেশ আচ্ছন্ন, উন্নয়নের ডামাঢোলে সমাজে প্রতিনিয়ত বেকারত্ব ও বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ পাচার হয়ে যাচ্ছে। এসব চলতে দেওয়া যায় না।
আ স ম রব বলেন, সরকারকে পদত্যাগে বাধ্য করার ভেতর দিয়েই গণমুখী রাজনীতির বিকাশ ঘটাতে হবে। বাঙালির তৃতীয় জাগরণের এ পর্যায়ে দেশ পরিচালনায় সব অংশীজনের ভূমিকা নিশ্চিত করলেই জাতীয়তাবাদের বিকাশ সুনিশ্চিত হবে।
