গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) এ রোগি হয়রানি, অব্যবস্থাপনা, দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নারী শাখা গাইবান্ধার উদ্যোগে মাতৃসদনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সোমবার সকাল ১১টায় সিপিবি নারী শাখার নেত্রী, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য প্রতিভা সরকার ববি’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, নারী শাখার সদস্য ও জেলা নেত্রী শাহানা বিন্তে আজিজ মিতা, মেহেরুন মুন্নী, বনা রানী, রেহেনা বেগম, শারমিন প্রমুখ। এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শরীফুল ইসলাম শরীফ, ছাত্রনেতা ওয়ারেছ সরকার।

বক্তারা বলেন, গর্ভবতী মায়েদের ভরসাস্থল গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র আজ দুর্ভোগের কেন্দ্রে পরিণত হয়েছে। করোনা দুর্যোগের এই সময়ে প্রসব ব্যাথা নিয়ে আসা গর্ভবতী মাকে বের করে দেয়ার ফলে রাস্তায় ও অটোরিক্সায় সন্তান প্রসব করেছে। বক্তাগণ, রোগী হয়রানি ও অব্যবস্থাপনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


