সন্ধান২৪.কম ডেস্ক : মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতর বিদেশি নাগরিকদের গ্রিন কার্ড সংক্রান্ত নিয়ম নিয়ে এ বার ব্যাখ্যা দিল । গ্রিন কার্ডের আবেদনকারীদের বেশির ভাগকেই নিজের দেশে ফিরে যেতে হবে না। সামান্য সংখ্যক মানুষকেই নিজের দেশে ফিরে গিয়ে গ্রিন কার্ডের আবেদন জানাতে হবে। তাদের দাবি, নিয়মে বিশেষ কিছুই বদল হয়নি।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানাল, এটি কোনও সার্বিক পরিবর্তন নয়। এই নিয়ম আগে থেকেই ছিল। সেটি সঠিক ভাবে মেনে চলার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রিন কার্ড হল কোনও বিদেশি নাগরিকের আমেরিকায় স্থায়ী ভাবে বসবাসের সরকারি পরিচয়পত্র। এর মাধ্যমে কোনও বিদেশি নাগরিক আমেরিকার নাগরিকত্ব পান না ঠিকই, তবে তাঁকে স্থায়ী ভাবে আমেরিকায় থাকতে এবং কাজ করতে দেওয়া হয়। সম্প্রতি হোমল্যান্ড সিকিউরিটি দফতরের অধীনস্থ নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, ব্যতিক্রমী কিছু ক্ষেত্র ছাড়া সকল বিদেশি নাগরিককে নিজের দেশে ফিরে গিয়ে কনস্যুলার পরিষেবার মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করতে হবে। এই বিজ্ঞপ্তির কথা জানাজানি হতেই অভিবাসীদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পেতে থাকে। এ বার তা নিয়ে ব্যাখ্যা দিল মার্কিন প্রশাসন।
উল্লেখ্য, গ্রিন কার্ডের আবেদনের নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত আবেদনকারীরা আমেরিকাতেই থাকতে পারেন। দীর্ঘ দিন ধরে আমেরিকায় এই রীতিই প্রচলিত রয়েছে। দফতরের আরও বক্তব্য, গ্রিন কার্ডের আবেদন করার জন্য কাকে নিজের দেশে ফিরে যেতে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট অভিবাসন আধিকারিকেরাই। এই ক্ষমতা বহু বছর ধরেই অভিবাসন আধিকারিকদের হাতে দেওয়া রয়েছে বলে জানায় প্রশাসন।